স্টিভ স্মিথের আরেকটি সেঞ্চুরি প্রয়াসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনেই চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার মেলবোর্নে অপরাজিত ৭৭ রানে উদ্বোধনী দিন শেষ করেন স্মিথ। তার এই প্রয়াসে চার উইকেটে ২৫৭ রান তুলল অধিনায়ক টিম পেইনের দল।
মার্নাস লাবুশেনের আগে ৬৩ রান করে দলের অগ্রযাত্রায় অবদান রাখেন। অপরদিকে স্মিথের সঙ্গে অপরাজিত আছেন ট্রাভিস হেড (২৫)। নিউজিল্যান্ডে ১৯৮৭ সালের পর এই প্রথম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট খেলতে নামে। অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে বোলিং নিয়েছিলেন। জো বার্নস রান না করেই প্রথম ওভারে এবং ডেভিড ওয়ার্নার (৪১) লাঞ্চের আগে আউট হলে সিদ্ধান্তটি সঠিক মনে হচ্ছিল। কিন্তু ২০১৯ সালে বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারী লাবুশেন ও স্মিথ হাফ সেঞ্চুরি হাঁকিয়ে তা ভুল প্রমাণ করে হতাশা ডেকে আনেন ব্ল্যাক বোলারদের মধ্যে। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে কলিড ডি গ্র্যান্ড হোম ৪৮ রান দিয়ে দুই উইকেট নেন।
মেলবোর্নে তার আগের চার টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিকেট সুপারস্টার স্মিথ। পঞ্চম একটি সেঞ্চুরিও মনে হচ্ছে সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের নাগালের মধ্যেই। এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘তারা যেভাবে বোলিং করছে এবং ফিল্ডিং সাজাচ্ছে, তাতে আমার ধৈর্যশীল হওয়া ছাড়া বিকল্প ছিল না। এটা আগ্রাসি হয়ে তাদের তাড়া করার মতো উইকেট নয়। আমি মনে করি আজ আমরা বেশ ভালোই করেছিলাম।’
স্মিথ তৃতীয় উইকেটে লাবুশেনকে নিয়ে ৮৩ রান যোগ করেন। ছয়টি চার ও এক ছক্কায় ১৪৯ বলে ৬৩ রান করেন ১৩ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে সপ্তম হাফ সেঞ্চুরি করা লাবুশেন। তার বিদায়ে ম্যাথু ওয়েডকে নিয়ে ৭২ রান যোগ করেন এদিন টেস্ট ক্যারিয়ারের ২৮তম হাফ সেঞ্চুরির করা স্মিথ। ওয়েড ৩৮ রান করে আউট হয়ে গেলে আসেন ট্রাভিস। এরপর দুই জনে দিনের বাকি ওভারগুলো কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেন। স্মিথের ৭৭ রান আসে ১৯২ বলে আটটি চার ও এক ছক্কার মারে। আজ সেঞ্চুরি পেলে এটি হবে তার ৭১ টেস্টের ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি।
তিন টেস্টের এ সিরিজে পার্থে অনুষ্ঠিত প্রথমটিতে নিউজিল্যান্ডকে ২৯৬ রানে হারিয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাতে হলে নিউজিল্যান্ডকে এই টেস্টে জিততেই হবে। উলটো ফল হলে সিরিজ জিতে নিবে অজিরা।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২৫৭/৪, ৯০ ওভার (স্মিথ ৭৭*, লাবুশেন ৬৩, গ্র্যান্ডহোম ২/৪৮)।
