আবাহনী শেষ আটে সঙ্গে পুলিশও

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

আবাহনীর বিপক্ষে আরামবাগ পেরে উঠবে না সেটা আরামবাগের পেছনের ম্যাচটা দেখলেই বুঝা যায়। পুলিশের বিপক্ষে আরামবাগ ৩-১ গোলে হেরেছিল। কাল সেই রেজাল্ট হবে এমন আশঙ্কা আরামবাগের ছিল। বড়ো জয় নিয়ে মাঠ ছাড়বে সেটাই আবাহনীর জানা ছিল। মাঠেও হয়েছে তাই। আবাহনী ৫-১ গোলে আরামবাগকে হারিয়ে ফেডারেশন কাপ ফুটবলে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেই সঙ্গে গ্রুপ হতে পুলিশ ফুটবল দলও কোয়ার্টার ফাইনালে উঠে গেল গ্রুপ রানার্সআপ হয়ে। দুই ম্যাচ হেরে বিদায় নিল আরামবাগ ক্রীড়া সংঘ।

গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ৫ গোল করে আবাহনী শেষ দিকে গোল হজম করেছে গোলকিপার সোহেল রানার দোষে। আবাহনী যদি ড্রও করত তবুুও তারা কোয়ার্টার ফাইনালে উঠত। সেই হিসাবটা মাথায় রেখে আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমস কাল অন্যভাবে একাদশ সাজিয়েছিলেন। মামুনুল ইসলাম, শেখ রাসেল থেকে আসা সোহেল রানা, জুয়েল রানা এবং মিশরের আলাদিন আলাকে একাদশে জায়গা দেওয়া হয়। বসিয়ে দেওয়া হয় ব্রাজিলীয়ান আলভেস, কিরগিজস্তানের এডগার, সোহেল রানাকে। তার পরও আরামবাগ বিধ্বস্ত হলো—টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর কাছে। আরামবাগ দুই ম্যাচে ২ গোল করে এবং ৮ গোল হজম করেছে। আবাহনী দুই ম্যাচে ১ গোল হজম করে ৯ গোল করেছে।

ক্যাসিনো ক্যালেঙ্কারিতে জড়িত আরামবাগের বর্তমান অবস্থা ভালো না। আগের মৌসুমে আরামবাগে অর্থের ছড়াছড়ি ছিল। এবার নেই। মাত্র পাঁচ দিন অনুশীলন করে মাঠে নেমেছে। কোচ শেখ জাহিদুর রহমান মিলন মোল্লা খেলা শেষে বলেন, ‘অংশগ্রহণ করার জন্যই আমার অংশগ্রহণ করছি। লিগে রেলিগেশন সেভ করার জন্য খেলা। যে দলটা হয়েছে মোটামুটি ভালো। আপনারা বরং আমাদের সমালোচনা না করে প্রশংসা করুন যে, কতটা প্রতিকূলতার মধ্যে আমরা লিগ দল গড়েছি।’

আরামবাগ আবাহনীর গোল মুখে দুই বার বল নিয়ে গিয়েছিল। ৬৭ মিনিটে একবার বল গেলেও আবাহনীর গোলকিপার সোহেল রানা সহজ বল ধরতে ব্যর্থ হয়েছেন। ৫ গোলে এগিয়ে থাকা আবাহনীর গোল মুখে ৮৫ মিনিটে আরামবাগ বল নিয়ে ঢুকেই গোল করেছে সোহেল রানার ব্যর্থতায়। এমন পারফরম্যান্স নিয়ে এই গোলকিপার কীভাবে জাতীয় দলে রয়েছে এমন প্রশ্নে আবাহনীর কোচ মারিও বললেন,‘এটা জেমি ডে বলতে পারবেন।’ ৫ গোলে এগিয়ে থাকা আবাহনী যেখানে আনন্দ করবে, সেখানে উলটো মনটা খারাপ করলেন ফুটবলাররা। একজন বললেন, ‘এটা এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুন দেওয়ার কাজটা করেছেন গোলকিপার সোহেল। বাজে গোল হজম করেছে।’ প্রথমার্ধে আবাহনী সানডের গোলে এগিয়ে ৯ মিনিটে ১-০। ৫৩ মিনিটে রায়হানের উত্স হতে জীবন গোল করেন ২-০। ৫৭ মিনিটে রায়হানের লম্বা থ্রো হতে ডিফেন্ডার নাসির চৌধুরী গোল করেন ৩-০। ৭৩ মিনিটে মামুনুল গোল করেন ৪-০। মাঠ থেকে তুলে নেওয়া হয় বেলফোর্ট, সানডেকে। ফয়সাল আহমেদ শিতুল মাঠে নেমেই তিন মিনিটেই গোল করেন ৫-০। মুরাদ গোল করে আরামবাগের হারের ব্যবধান কমিয়েছেন ১-৫।

আজকের খেলা :

চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস। শেখ জামাল ও সাইফ স্পোর্টিং।

৩টা ৩০ ও ৬টা ১৫, বঙ্গবন্ধু স্টেডিয়াম।