অবশেষে নারী ফুটবল লিগ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

ছয় বছর আগে দ্বিতীয়বার মহিলা ফুটবল লিগ হয়েছিল। এরপর নানা কারণে সেটি আর আলোর মুখ দেখেনি। আবার মাঠে গড়াতে যাচ্ছে মহিলা ফুটবল লিগ। আগামী ৩১ জানুয়ারি মহিলা ফুটবল লিগ শুরু করার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মহিলা ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এবারই প্রথম লিগের আগে খেলোয়াড়দের দলবদল হবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। গতকাল মহিলা ফুটবল কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বছরই সেপ্টেম্বরে আবারও মহিলা ফুটবল লিগ হবে। এক বছরে দুইবার লিগ হবে। ১২ থেকে ২৬ জানুয়ারি লিগের দলবদল। কয়টি দল খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। না হলেও বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং উত্তরবঙ্গের একটি দল এফসি উত্তরবঙ্গ খেলবে লিগে। সোহাগ জানিয়েছেন, আনসার-ভিডিপি ও বিজেএমসিকে নেওয়ার চেষ্টা চলছে। সেটা নিশ্চিত হয়নি। খেলা হবে দুই রাউন্ড, এটা বেশিও হতে পারে ম্যাচে বেশি বেশি খেলানোর জন্য। খুব খুশি হয়েছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি কাল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা অনেক দিন ধরে শুনে আসছি মহিলা লিগ হবে। অবশেষে সেটা হতে যাচ্ছে শুনে একটা স্বস্তি হচ্ছে মনে।’ ক্লাব লিগ না থাকায় সাবিনাও কোচের আসনে বসতে যাচ্ছিলেন। বসুন্ধরার মহিলা ফুটবল কোচ শরিফা অদিতি বললেন, ‘এই লিগ অনিবার্য ছিল। আরো আগে লিগটা শুরু হওয়া উচিত ছিল। আমরা চাই খেলাটা যেন প্রতি বছর হয়।’

জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা লিগে খেলতে পারবেন। তবে সোহাগ জানিয়েছেন, জাতীয় দলের খেলোয়াড়দের কোনো খেলা না থাকলে তারা ক্লাব ফুটবলে খেলতে পারবেন। জাতীয় দলের খেলোয়াড়েরা যদি এক দলে যোগ দেন, সেক্ষেত্রে একটা ক্লাব জাতীয় দলের ভালো সব ফুটবলার নিয়ে নিতে পারে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে পুল হবে কি না, সিদ্ধান্ত হয়নি।