শ্যামনগরে ইটভাটার ট্রলি ও ডাম্পার চলাচলে রাস্তা বেহাল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৩৮

সাতক্ষীরার শ্যামনগরে ইটভাটার মাটি ও ইট বহনের কাজে ব্যবহূত ট্রলি ও ডাম্পার গাড়ির অবাধ চলাচলে কার্পেটিং ও ইটের সোলিং রাস্তার ক্ষতি হচ্ছে। সোলিংয়ের দুই পাশের ইট উঠে রাস্তার মাটি বাইরে চলে যাচ্ছে। উপজেলার সোয়ালিয়া ও কালমেঘা গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিকার চেয়ে নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার শ্যামনগরে সদর ইউনিয়নের সোয়ালিয়া ও কালমেঘা গ্রামের গণমানুষের স্বাক্ষরিত অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়েছে।

মোস্তফা ব্রিকসের মালিক হাজি মোস্তফা ও আশা ব্রিকসের মালিক হাজি আরব আলীর সঙ্গে কথা হলে তারা জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ট্রলি ও ডাম্পার গাড়ি চালানো হচ্ছে। কাজ শেষে ক্ষতিগ্রস্ত রাস্তা নিজ খরচে সংস্কার করার কথা বলেন ভাটা মালিকগণ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাটি ভর্তি ট্রলি ও ডাম্পার গাড়ি চলাচলের কারণে সোয়ালিয়া ও কালমেঘা গ্রামের ইটের সোলিং রাস্তায় বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার মধ্যে ১২টি ইটভাটার ট্রলি ও ডাম্পার গাড়ি নিরন্তর চলাচল করছে।

ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম মোড়ল ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল জানান, ট্রলি ও ডাম্পার গাড়ি চলাচলের কারণে ইটের সোলিং রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। গাড়িতে অতিরিক্ত ইট ও মাটি বোঝাইয়ের কারণে সরকারি রাস্তাগুলো অল্প সময়ে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার আগামী মাসিক সভায় বিষয়টি উত্থাপনের কথা বলেন জনপ্রতিনিধিরা।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘আমার কিছু করার নেই, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘যারা রাস্তা নষ্ট করছে তাদের বিরুদ্ধে যদি কেউ থানায় অভিযোগ করে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’