দীঘিনালায় নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান সেনাবাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের রিক্রুট ১৯-৩ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। এ সময় তিনি দেশ-মাতৃকার যে কোনো সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল নাজিমউদ্দৌলা, এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল জয়নুল আবেদীন চিশতিসহ ঊর্ধ্বতন সামরিক  ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

১৯-৩ ব্যাচে ৬৪৬ জন নবীন সৈনিক মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সফল হয়ে শ্রেষ্ঠ রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন ওসমানী কোম্পানি জাকারিয়া রহমান। চ্যাম্পিয়ন হয় গনি কোম্পানি ও রানার্সআপ হয় ওসমানী কোম্পানি। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ কোম্পানি এবং সেরা রিক্রুটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।