‘তারুণ্যের মেলবন্ধনে রোভারিং’—এই প্রতিপাদ্যে হবিগঞ্জে পাঁচ দিনব্যাপী বাইসাইকেল রোভার স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বৃন্দাবন সরকারি কলেজ মাঠে জেলা রোভার স্কাউটসের কমিশনার অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালালের সভাপতিত্বে উদ্বোধনী সভা হয়। ক্যাম্প উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। পাঁচ দিনব্যাপী এই ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা বাইসাইকেলে বানিয়াচং উপজেলার ঐতিহাসিক সাগরদিঘি, লক্ষ্মীবাউর জলাবন, সদর উপজেলার উচাইল গ্রামে বাদশাহী আমলের শাহী মসজিদ, শাহজীবাজার, তেলিয়াপাড়া চা-বাগানে স্মৃতিসৌধ, চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা-কালেঙ্গা বনাঞ্চল সফর করবেন। ক্যাম্পে জেলার বিভিন্ন রোভার ইউনিট এবং কুষ্টিয়া ও রাজশাহী থেকে ৬৫ জন রোভার স্কাউট অংশ নিচ্ছেন।
