নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫

দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

আক্কেলপুর (জয়পুরহাট) : আক্কেলপুর প্রেসক্লাব ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইত্তেফাকের আক্কেলপুর উপজেলা সংবাদদাতা ও আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  আতিউর রাব্বী তিয়াস। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি ওম প্রকাশ আগরওয়ালা, সহ-সভাপতি সাপ্তাহিক সত্যের পথে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরদার নুরুন্নবী আরিফ প্রমুখ। শেষে শহরে র্যালি বের করা হয়।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) :উপজেলার শেকড় কার্যালয়ে উপজেলা সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টুকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার কেক কাটেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। পরে প্রেসক্লাবের সভাপতি লিটন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মদন (নেত্রকোনা) :মদন প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের মদন উপজেলা সংবাদদাতা আল মাহবোব আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী): কিশোরগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বৃহস্পতিবার র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে কেক কাটা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ সংবাদদাতা শামীম হোসেন বাবুর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল কালাম বারী পাইলট।