ড. মুনতাসীর মামুন বলেছেন, গণহত্যা ও গণকবরগুলো আমরা এখনো সঠিকভাবে চিহ্নিত বা সংরক্ষণ করতে পারিনি। মহান স্বাধীনতাযুদ্ধে গণহত্যার ইতিহাস আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে হবে। গত বুধবার রাতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুরের আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের রজতজয়ন্তী সামনে রেখে ১০০ দিনের কর্মসূচির শুভ উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে ‘গণহত্যা-রাজনীতি ও স্মৃতিসংরক্ষণ’ শীর্ষক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ মো.মোজাম্মেল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. ছায়েদ আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক কেন্দ্র খুলনার কোর্স পরিচালক ও বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি প্রফেসর ড. মো. মাহাবুব রহমান।
