গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ বি এল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে উদ্যাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শতবর্ষ পূর্তি উদ্যাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বেলুন ও পায়রা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিদ্যালয়সংলগ্ন পাঁচ জুম্মা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার।
