লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ বেহুন্দি জাল দিয়ে নদীতে মাছ ধরার অপরাধে দুই জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল মোমিনের আদালত তাদের ৫ হাজার করে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। এর আগে সন্ধ্যার দিকে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বড়খেরী নৌ-পুলিশ। এ সময় দুটি বেহুন্দি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জসিমউদ্দিন, সহকারী মত্স্য কর্মকর্তা মো. কামাল হোসেন, বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জাহাঙ্গীর। সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা মো. জসিমউদ্দিন বলেন, অবৈধ বেহুন্দি জাল দিয়ে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করে জরিমানা করা হয়।
