মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসদরে ৪৯৭ বোতল ফেনসিডিল এবং চার কেজি গাঁজাসহ মো. ওমর ফারুক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত মো. ওমর ফারুক খাগড়াছড়ি জেলার রামগড় থানার ফেনীরকুল গ্রামের মো. ইউনুছের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বারইয়ারহাট পৌরসদরের গ্রীন টাওয়ারের সামনে থেকে র্যাব মো. ওমর ফারুককে মাদকসহ গ্রেফতার করে।
এই ব্যাপারে র্যাব-৭-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসদরের গ্রীন টাওয়ারের সামনে থেকে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল এবং চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ লাখ ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদকসহ জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
