পীরগাছায় অপহূত বাবা-ছেলে উদ্ধার আটক দুই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

পীরগাছায় অপহরণের ১০ ঘণ্টা পর বাবা ও ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৭টার দিকে রংপুরের শালবন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আটককৃত দুই অপহরণকারীকে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের ব্রাহ্মীকুণ্ডা বাজারের পার্শ্ববর্তী ইটভাটার কাছ থেকে ব্রাহ্মীকুণ্ডা গ্রামের বাতেন মণ্ডল ও তার ছেলে রিপনকে অপহরণ করা হয়। ১০-১২ জন অপহরণকারী বাবা আর ছেলেকে বেধরক মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহরণের দৃশ্য দেখে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করতে না পারলেও দুই অপহরণকারীকে ধরে ফেলে।

আটককৃতরা হলো উপজেলার হাছনা গ্রামের মালেক মিয়ার ছেলে এনামুল হক ও জাদুলস্কর গ্রামের এন্তাজ মিয়ার ছেলে শহর আলী।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ অপহূতদের উদ্ধারে দিনব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে ঐ দিন সন্ধ্যা ৭টার দিকে রংপুরের শালবন নামক স্থান থেকে বাবা ও ছেলেকে আহতাবস্থায় উদ্ধার করে।

পীরগাছা থানার এসআই মাঈদুল ইসলাম বলেন, জনতার হাতে আটক দুই অপহরণকারীর স্বীকারোক্তির ভিত্তিতে বাতেন ও তার ছেলে রিপনকে রংপুরের শালবন থেকে উদ্ধার করা হয়েছে।

ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত বাবা ও ছেলেকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।