সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২১:৫৫

আমন সংগ্রহের লক্ষ্যে লটারিতে ৮০৭ কৃষক নির্বাচিত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চলতি আমন ১৯/২০ মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে ডিজিটাল লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত হয়েছে। ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা ও কৃষকের আ্যাাপের পাইলটিং কার্যক্রমের আওতায় লটারি কার্যক্রমে ক্ষুদ্র, মাঝারি ও বড়োসহ ১ হাজার ৪৮৫ জন কৃষক অংশগ্রহণ করে। এর মধ্যে ৮০৭ জন কৃষককে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দোলা-খান। 

পিরোজপুর পৌর মেয়রের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর অফিস পিরোজপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.হাবিবুর রহমান মালেকের নামে একটি বেসরকারি টেলিভিশনে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে শহরে মানববন্ধন হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বৃহস্পতিবার টাউন ক্লাব সড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন  সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চাঁন মিয়া মাঝি, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ প্রমুখ।

সৈয়দপুর পৌর মেয়রসহ চার জনকে সম্মাননা

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জীবনশিল্পী সৈয়দ আলী আহসান স্মরণে সৈয়দপুর পৌরসভা মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকারসহ চার জনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে ইকু হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ আবদুল মালেক। অনুষ্ঠানে জনপ্রতিনিধি হিসেবে সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো.আমজাদ হোসেন সরকার, নারী শিক্ষায় ভূমিকা রাখায় সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম, শিশু-সাহিত্যে মুফতি মুঈনুল ইসলাম ও চারণ কবি হিসাবে আবুল হোসেন আদানী (মরণোত্তর) সম্মাননা প্রদান করা হয়।

ত্রিশালে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বৃহস্পতিবার বিকালে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার বৈলর ইউনিয়নের বৈলর চরপাড়া গ্রামে অনুমোদন ছাড়াই গড়ে ওঠা ব্রিটিশ ব্রিকফিল্ড নামের ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান।

মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি

মাগুরা প্রতিনিধি মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী উত্সব শুক্রবার। এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে আয়োজক কমিটি। কর্মসূচির মধ্যে রয়েছে ক্যাম্পাস থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, আলোচনা, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। উদ্যাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহীনা আখতার ডেইলী জানান, পুনর্মিলনীতে ২ হাজার ২০০ ছাত্রী রেজিস্ট্রেশন করেছে।

বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ দপ্তর ক্যাম্পাসে বৃহস্পতিবার উপজেলার ৭২ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজসহ যাবতীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। বেগমগঞ্জ কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভূঞা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলী জানান, চলতি বোরো মৌসুমে বেগমগঞ্জে কৃষি বিভাগের রাজস্ব বাজেটের আওতায় ৬৫টি বোরো ধানের বীজ উত্পাদন, প্রদর্শনী ও নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতটি বোরো ধানের জাত প্রদর্শনী করা হয়েছে।

ঘোড়াশালে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন      

পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পৌর ফুটবল খেলার মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-২০-এর উদ্বোধন করা হয়। ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌর কাউন্সিলর কামরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রামে বড়দিন উত্সব উদ্যাপন

চট্টগ্রাম অফিস বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত রেস্টুরেন্ট বনজৌর-এ বর্ণিল আয়োজনে বুধবার রাতে শুভ ‘বড়দিন’ উদ্যাপিত হয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব উপলক্ষ্যে বড়োদিনের থিমে সাজানো হয় বনজৌর রেস্টুরেন্ট। রাতে কেক কেটে উত্সবের উদ্বোধন করেন প্রধান অতিথি দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম ক্লাব লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বনজৌর রেস্টুরেন্টের চেয়ারম্যান ডা. বিনয় পাল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, পরিচালক (অপারেশন) আক্কাসউদ্দিন।

স্বাস্থ্য সচিবের মহেশপুর হাসপাতাল পরিদর্শন

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম বৃহস্পতিবার মহেশপুর হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম, ঝিনাইদহ সদর হাসপাতালের আর এম ও ডা. এমদাদ হোসেন, মহেশপুর স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা নাসির উদ্দিন প্রমুখ।

বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বুধবার সন্ধ্যায় বানারীপাড়ায় বাংলাদেশ প্রগতি লেখক সংঘের প্রথম সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘের আহ্বায়ক, লেখক ও সাংবাদিক এস মিজানূল ইসলাম। আলোচনা করেন লেখক ও নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, উপজেলা খেলাঘর আসর সভাপতি মোশারফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো. জাহিদ হোসেন প্রমুখ।

শিবপুরে মা সমাবেশ ও ১১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

নরসিংদী প্রতিনিধি নরসিংদী শিবপুরে বৃহস্পতিবার তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সততা সংঘ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ১১০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। একাডেমি প্রাঙ্গণে সহকারী অধ্যাপক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিধির বক্তব্য রাখেন ২১শে পদক প্রাপ্ত গণ জাতীয় সংগীত শিল্পী ফকির আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা সেক্টরস কমান্ডারর্স ফোরাম ৭১’র সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর সূর্য্যকান্ত দাস, একাডেমির প্রতিষ্ঠাতা বশিরুল ইসলাম বশির, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান প্রমূখ।