ফেনীতে হবে নতুন শিল্পনগরী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

বিসিকের অধীনে ১০০ একর জমির ওপর ফেনীতে নতুন একটি শিল্পনগরী স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এ লক্ষ্যে বিসিক সদর দপ্তরে দ্রুত প্রস্তাব  পাঠানোর জন্য ফেনী বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। ফেনী পৌরসভার বাইরে নতুন এই শিল্পনগরী স্থাপন করা হবে।

গতকাল বৃহস্পতিবার ফেনী জেলার ছাগলনাইয়ায় অবস্থিত ফেনী বিসিক শিল্পনগরী পরিদর্শন ও ফেনী বিসিক শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা প্রদান করেন। শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক অরবিন্দ দাস, ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ড. বেলাল উদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মালিক সমিতির সভাপতি সার্ভিস চার্জ বৃদ্ধিসহ শিল্প পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বিসিক শিল্পনগরীসমূহে নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে শিল্পনগরীর প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে উদ্যোক্তাদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে।