প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

গত ২৪ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘কারখানার ছাদ থেকে লাফিয়ে নারী শ্রমিকের আত্মহত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সাভারস্থ কলমা এলাকায় স্থাপিত তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান কাজীপুর ফ্যাশনস লিমিটেড কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের পরিচালক এইচ আর, এডমিন অ্যান্ড অপারেশন আ ক ম জাকির হোসেন স্বাক্ষরিত ঐ প্রতিবাদপত্রে বলা হয়, প্রকাশিত সংবাদে ‘অসুস্থতার কারণে অতিরিক্ত ছুটি কাটিয়ে এসে কর্তৃপক্ষের লাঞ্ছনা ও গালি সহ্য করতে না পেরে ঐ নারী শ্রমিক আত্মহত্যার পথ বেছে নেন’ বলে যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত। এছাড়া প্রতিবেদনে ‘নারী শ্রমিক ঘটনাস্থলে মারা গেলেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য লাশটি ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেয়’ বলে বর্ণিত তথ্যটিও সঠিক নয়। প্রকৃত ঘটনা হচ্ছে, ঐ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাকে তাত্ক্ষণিকভাবে নিজস্ব অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।