তুরস্কের উপকূলে নৌকা ডুবে বাংলাদেশিসহ সাত জনের মৃত্যু হয়েছে। বাকিরা পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক। গতকাল বৃহস্পতিবার লেক ভ্যানে অভিবাসী প্রত্যাশী একটি নৌকা ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে। নৌকা থেকে ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। গভর্নর অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার
বিটলিস প্রদেশের গভর্নর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত তিনটায় ইরান সীমান্তবর্তী লেক ভ্যানে অভিবাসী প্রত্যাশীবাহী একটি নৌকা উলটে যায়। তারা কেন নৌকায় উঠছিল তা জানা যায়নি। তবে এই পথ দিয়ে প্রায়ই অভিবাসী প্রত্যাশীরা ইউরোপের দিকে যায়। গতকাল ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুই জন মারা যায়। কর্তৃপক্ষ জানায়, নৌকায় ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। পরিচয় শনাক্ত করা না গেলেও নিহতেরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছে গভর্নর অফিস।
