ঘন কুয়াশার কারণে রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ) বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ইউএস-বাংলার একটি ফ্লাইট। বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি অবতরণের কথা ছিল। কিন্তু রাজশাহীর আকাশে চার বার চক্কর দিয়েও অবতরণে ব্যর্থ হয়ে ফ্লাইটটি ঢাকায় ফিরে যায়। ঐ ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। এ বিষয়ে প্রতিমন্ত্রী নিজের ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন:‘চারবার চেষ্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি। ঘন কুয়াশার কারণে বিমানটি রাজশাহী বিমানবন্দরে ল্যান্ড করতে পারেনি’ বলেও জানান তিনি। এদিকে রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান ঘনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার ইউএস-বাংলার বি-স্টার-১৬১৬ ফ্লাইটটির অবতরণের নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। কিন্তু ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ। এরই মধ্যে ঢাকার হযরত শাহ্জালাল (রহ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়াল দিয়ে রাজশাহীতে পৌঁছে। কিন্তু কুয়াশার কারণে অবতরণের সুযোগ পায়নি। কয়েক চক্কর দিয়েও শেষ পর্যন্ত অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে যায়।
