ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণার সব পোস্টার, লিফলেট, ব্যানার, বিলবোর্ড অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের ২১ দিন আগে প্রচারণা শুরুর বিধান থাকলেও অনেকেই প্রচারণা শুরু করায় ইসি থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তারা এ সংক্রান্ত নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে অর্থাত্ প্রতীক বরাদ্দের আগে কোনো রকম নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। উক্ত বিধিমালা অনুসারে কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কেউ নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে তা অপরাধ বলে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এমতাবস্থায় ঢাকা সিটি এলাকায় নির্বাচনী প্রচারণামূলক কার্যক্রম অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো।
বিএনপির মনোনয়ন ক্ষমতা
মির্জা ফখরুলের হাতে
এদিকে এবারে ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে থাকছে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে। চিঠির কপি দুই সিটির রিটার্নিং অফিসারে কাছে পাঠানোর পাশাপাশি ইসি সচিবালয়ে তার অনুলিপিও দিয়েছে দলটি। এর আগে নির্বাচন কমিশন চিঠি দিয়ে সব দলের কাছে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জানতে চেয়েছিল। এছাড়া চিঠির সঙ্গে মির্জা ফখরুলের স্বাক্ষরের নমুনাও পাঠানো হয়েছে ইসিতে।
