আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পুরোনোদের প্রধান্য নতুন মুখ ১৫

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪২

জাতীয় কাউন্সিলের পাঁচ দিন পর দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। ৮১ সদস্যের মধ্যে গতকাল পর্যন্ত ৭৪ জনের নাম ঘোষণা করা হয়। ৭৪ সদস্যের কমিটিতে প্রধান্য পেয়েছেন পুরোনোরাই। নতুন মুখ ১৫ জন। গতকাল ৩২ জনের নাম ঘোষণা করা হয়, এর মধ্যে নতুন মুখ ১৩ জন। এর আগে ২১ নভেম্বর আংশিক কমিটি ঘোষণাকালে নতুন মুখ ছিল দুই জন। মন্ত্রিসভার ৯ সদস্য বিগত কমিটির বিভিন্ন পদে থাকলেও এবার তাদের কেন্দ্রীয় কমিটির কোনো পদে রাখা হয়নি। তবে এখনো দলের কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং তিন জন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা বাকি আছে।

গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কমিটিতে নতুন করে স্থান পাওয়া ৩২ নেতার নাম ঘোষণা করেন। নতুন সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল। আফজাল হোসেন এর আগের কমিটিতে তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় কমিটির নতুন মুখ শফিউল আলম নাদেল। একই সঙ্গে দলের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসিকা আয়েশা খানকে। তথ্য ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ড. সেলিম মাহমুদ এবং শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান সিরাজ। ড. সেলিম মাহমুদ নতুন মুখ। এছাড়া উপদপ্তর সম্পাদক হয়েছেন সায়েম খান, উপপ্রচার সম্পাদক পদে আমিনুল ইসলাম বহাল রয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের মধ্যে ২৫ জনের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন—আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদরুদ্দিন কামরান, দীপংকর তালুকদার, অ্যাডভোকেট আমিনুল আলম মিলন, আখতার জাহান, ডা. মুশফিক, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, মেরিনা জামান কবিতা, পারভীন জামান, হুসনে আরা লুত্ফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা খাতুন, অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, হাসান আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা।

গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দেন দলের কাউন্সিলররা। এনিয়ে টানা নবমবারের মতো সভানেত্রী নির্বাচিত হলেন তিনি। দীর্ঘ ৩৮ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসা শেখ হাসিনা এবার নতুন কারো হাতে নেতৃত্ব তুলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করলেও কাউন্সিলে উপস্থিত নবীন-প্রবীণ নেতারা অনঢ় অবস্থান নিয়ে দলের ‘চাবির গোছা’ তার হাতেই অর্পণ করেন। অন্যদিকে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাউন্সিল অধিবেশনে ৮১ সদস্যের কমিটির ৪২ জনের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বাকি ৩৯ জনের নাম ঘোষণার কথা থাকলেও ৩২ জনের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলে দলের কেন্দ্রীয় কমিটির বেশকিছু পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়নি। দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা রয়েছেন, এসব অঞ্চলের প্রতি সুবিচার করার বিষয় আছে। এসব বিবেচনায় ৩২ জনের নাম ঘোষণা করা হচ্ছে।

এদিকে সরকার থেকে দলকে যতটুকু সম্ভব আলাদা করার অংশ হিসেবে তিন মন্ত্রী, চার প্রতিমন্ত্রী ও দুই উপমন্ত্রী বাদ পড়েছেন। মন্ত্রিসভার এই সদস্যরা হলেন—শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

টুঙ্গিপাড়ার যৌথসভা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে

এর আগে আওয়ামী লীগের নতুন প্রেসিডিয়ামের প্রথম বৈঠক শেষে ওবায়দুল কাদের জানান, আগামী ৩ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি। ঐ দিন দলের কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হবে। গতকাল ব্রিফিংয়ে কাদের জানান, বিরূপ আবহাওয়ার কারণে যৌথ সভাটি টুঙ্গিপাড়ায় হচ্ছে না। তবে সভার তারিখ ঠিক থাকছে। ৩ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে ।

এদিকে গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ জানুয়ারি শুক্রবার সকাল ৭টায় আওয়ামী লীগ নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। ঐদিন বিকালে নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি উল্লেখিত কর্মসূচিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।