রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৭ জানুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান অসুস্থ থাকায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে নতুন করে এ দিন ঠিক করে। গতকাল বৃহস্পতিবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। এদিন ঢাকা সিএমএম আদালতের তত্কালীন দুই ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার এবং কাজী মিরাজ হোসেন আদালতে হাজিরও হয়েছিলেন।
২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হন। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় ঘোষণা করে আদালত। রায়ে মুফতি হান্নানসহ ৮ জনের মৃত্যুদণ্ড এবং অন্য ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এছাড়া বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ৩০ নভেম্বর ১৪ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল মামলাটিতে আদালত অভিযোগ গঠন করে। এই মামলাতেও একই সংখ্যক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
