ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে ৫ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের দুই এবং ভারতের ৩ জন নিহতের কথা জানানো হয়েছে। পাকিস্তানের মিডিয়া ডন সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে ভারতের একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির মিডিয়া ইন্ডিয়া টুডে। গত ৩৬ ঘণ্টায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে দুই দেশের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলিতে এই নিহতের ঘটনা ঘটে। গোলাগুলির জন্য দুই দেশ একে অপরকে দায়ী করেছে। পাক আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অস্ত্রবিরতি লঙ্ঘনের জবাবে হাজি পীর সেক্টরে পাকিস্তানি সৈন্যরা গোলাবর্ষণ করে ভারতীয় নিরাপত্তা চৌকি গুড়িয়ে দিয়েছে। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। গোলাবর্ষণে ভারতীয় আরো কিছু সেনাসদস্য আহত হয়েছে বলে বিবৃতি জানানো হয়। ভারত বলেছে, পাকিস্তানই অস্ত্রবিরতি লঙ্ঘন করে প্রথম গুলি চালায়।
