জাপার ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ রওশনের, মূল ক্ষমতায় কে?

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৯:১৩

জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান থেকে এবার ‘প্রধান পৃষ্ঠপোষক’ পদ পেতে যাচ্ছেন সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এক ব্রিফিংয়ে জানান, রওশন এরশাদ যত দিন জীবিত থাকবেন তত দিন তিনি ‘চিফ প্যাট্রন’ বা প্রধান পৃষ্ঠপোষক পদে থাকবেন। কিন্তু সকল সিদ্ধান্ত গ্রহণ ও মূল ক্ষমতা কার কাছে থাকছে তা স্পষ্ট করা হয়নি।

আজ শুক্রবার জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শেষে জাতীয় পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলের আগের দিন শুক্রবার প্রেস ব্রিফিং করা হয়।

আগামীকাল জাতীয় পার্টির নবম কাউন্সিলে পরিবর্তন প্রসঙ্গে মসিউর রহমান বলেন, ‘এবারের মূল পরিবর্তন হচ্ছে, হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মিণী রওশন এরশাদ চিফ প্যাট্রন হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে ওনার সম্মান থাকবে সর্বোচ্চ। মিটিং বা সাধারণ সভা- সবখানেই ওনার এই সর্বোচ্চ সম্মানটা থাকবে।’

এ ক্ষেত্রে চেয়ারম্যান এবং চিফ প্যাট্রন পদের ভারসাম্য কিভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, দলের চেয়ারম্যানও জানিয়েছেন সবক্ষেত্রেই রওশন এরশাদের অবস্থান দলের চেয়ারম্যানের ঊর্ধ্বে থাকবে।

২০১৬ সালে মার্চে পার্টির অষ্টম কাউন্সিলে হুসেইন মুহম্মদ এরশাদ কো চেয়ারম্যানের পদ তৈরি করে তাতে ভাই জি এম কাদেরকে আসীন করেন। স্ত্রী রওশন এরশাদ তাতে ক্ষিপ্ত হলে পরে তার জন্য এরশাদ তৈরি করেন সিনিয়র কো চেয়ারম্যানের পদ। রওশন এবং জি এম কাদেরের দ্বন্দ্ব তখন থেকেই।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চলতি বছরের ৫ মে তার ছোট ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। পরে ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

ইত্তেফাক/আরএ