৫০ টাকার রসিদ দিয়ে ১ হাজার টাকা আদায়

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

গাংনীতে তহশিলদারকে শোকজ

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

৫০ টাকার ভূমি উন্নয়ন কর (খাজনা) রসিদ দিয়ে ১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল হালিমের বিরুদ্ধে। এছাড়া একটি নাম জারি করতে ১২ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনার তহশিলদার আব্দুল হালিমের বিচারের দাবিতে অফিস চত্বরেই অবস্থান নেয় অভিযোগকারীসহ স্থানীয়রা। বৃহস্পতিবার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস করমদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, জনগণকে সঠিক সেবা না দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে এরই মধ্যে আব্দুল হালিমকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।