ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩ হাজার রোগীর চিকিত্সা
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৩ হাজার রোগীকে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। সরকারি কেসি কলেজে এই ক্যাম্পের আয়োজন করে ঢাকার ঝিনাইদহ অফিসার্স ফোরাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলাম। এ সময় সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ সচিব নুরুর রহমান, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ডা. প্রফেসর অলোক কুমার সাহা, স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা প্রমুখ।
রাণীনগরে পুরস্কার বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের পারইল ইউনিয়নের খাস পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও রাণীনগর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর খান, পারইল ইউপি আওয়ামী লীগ নেতা ছামছুর রহমান, ইউপি সদস্য জাহিদুর রহমান প্রমুখ।
আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার কমিটির অভিষেক
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক শুক্রবার সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হাশেম আলী, সাধারণ সম্পাদক মুকুল হোসেন ও সাংবাদিক রিন্টু বিশ্বাস।
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা স্কুল-মাদ্রাসা ও কারিগরি সমিতি আয়োজিত এ প্রতিযোগিতায় ১৯টি উচ্চ বিদ্যালয় ও ছয়টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সুপার মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ।
হিসনা নদী রক্ষার্থে নোঙরের মতবিনিময় সভা
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা নদী ও পরিবেশ রক্ষার জাতীয় সংগঠন নোঙর কুষ্টিয়ার উদ্যোগে শুক্রবার ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নোঙর কুষ্টিয়ার আহ্বায়ক খলিলুর রহমান মজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনার কুষ্টিয়ার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, নোঙর কুষ্টিয়ার যুগ্ম আহ্বায়ক লেখক কলামিস্ট প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম প্রমুখ।
আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার বিকালে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক বাছাই করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বাকি ছয় ইউনিয়নের উন্মুক্ত পদ্ধতিতে ঐ বাছাই অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭৬৩ জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ২৬ টাকা প্রতি কেজি দরে ৭৬৩ মেট্রিক টন আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লটারির মাধ্যমে বাছাই পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লুত্ফর রহমান প্রমুখ।
