তিনটি ছড়া

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:০৮

মাহমুদউল্লাহ

 

সত্য বলার উত্স

 

দিনকে যদি রাত বলা হয়, বলেন তিনি জি-জি—

অনুগত আছেন বলেই সঙ্গে আছেন ডিজি।

খুব আবেগের ভাষায় লেখেন সুশাসনের কেতাব,

বাস্তবতা নাইবা থাকুক পেয়ে গেলেন খেতাব।

রাজভবনে দাওয়াত পেলেন, সবই পেলেন জুত্সই,

কিন্তু তিনি হারিয়ে ফেলেন সত্য বলার উত্সই।

 

ছাত্র

 

যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকবি ওরে খোকা,

দু রকমের ছাত্র পাবি বুদ্ধিমান আর বোকা।

বুদ্ধিমানের ঘ্রাণশক্তিটা সর্বদা জাগ্রত,

বোঝে লাভের অঙ্ক এবং শক্তিটা কার কত?

বোকা ছাত্র ক্লাস করে যায়, দেখে সিলেবাস,

আর সে খোঁজে ছুটির পরে শহরতলীর বাস।

 

গণতন্ত্র

 

গণতন্ত্র আর কিছু নয় উচ্চে ওঠার মই,

উচ্চে ওঠা হয়ে গেল, মইটা গেল কই?

শীর্ষে উঠে হয় শোষকের এক দলীয় নীতি,

গণতন্ত্র তাদের মনে জাগায় কঠিন ভীতি।

এই যে তারা তোলে আবার সমাজতন্ত্রের ধুয়া,

স্বৈরাচারী হওয়ার জন্য ঐ খেলাটা জুয়া।