নোয়াখালী প্রতিনিধি
কয়েক দফায় আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করায় একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার এসআই সুলভ বিশ্বাসকে সাত দিনের কারাদণ্ড ও ২৫০ টাকা জরিমানা প্রদান করেছেন আদালত। গত বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালত এ আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের সুধারাম থানার জিআর নম্বর ৪৯৯ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলভ বিশ্বাসকে সাক্ষী প্রদানের জন্য প্রথমে ২০১৮ সালের ৪ ডিসেম্বর সমন জারি ও চলতি বছরের ২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তার পরও তিনি সাক্ষী দিতে আদালতে আসেননি। এ সময়ের মধ্যে এ মামলার ছয় জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। শুধু তদন্তকারী কর্মকর্তা এসআই সুলভ বিশ্বাসের সাক্ষ্য প্রদান না করার জন্য মামলাটির বিচারকার্য শেষ করতে বিলম্বিত হয়।
