রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:১৫

 কে এম হানিফ

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব এ কে এম হানিফ (১১০) আর নেই। বার্ধক্যজনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার ভোররাতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল বিকালে উপজেলার শুকুরেরহাট ডিগ্রি কলেজ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। পরে চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এ কে এম হানিফ মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘ জীবনে স্কুল, কলেজ, মসজিদ, ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কাজ করেছেন।

মফিল উদ্দীন

পঞ্চগড়ের আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ জানাজা মাঠে বড়দাপ গ্রামের মুক্তিযোদ্ধা মফিল উদ্দীনের (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে মো. লুত্ফর রহমান উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। গার্ড অব অনার শেষে মুক্তিযোদ্ধা মফিল উদ্দীনের বড়ো ছেলের হাতে প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা দাফনের কাজ শেষ করার জন্য দেওয়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে মফিল উদ্দীন ব্রেন স্ট্রোক করে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।

মান্নান তালুকদার

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল মান্নান তালুকদার (৮৫) বুধবার সকাল ১১টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। বাদ এশা তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।