শেখ জামালের বিদায়
স্পোর্টস রিপোর্টার
সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ৩-১ ব্যবধানে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জয়ের ফলে গ্রুপসেরা হয়ে শেষ আটে পুলিশ এফসিকে পেল সাইফ স্পোর্টিং।
রহমতগঞ্জের সঙ্গে ১-১ ড্র করায় কিছুটা সহজই ছিল শেখ জামালের সমীকরণ। ড্র হলেই পরের রাউন্ডে উঠে যেত তারা। তখন সাইফের কষতে হতো গোলগড় আর ফেয়ারপ্লের হিসাব।
৯ মিনিটে ওমার জোবের গোলে এগিয়েই গিয়েছিল শেখ জামাল। এর মিনিট পাঁচেক পর সমতা ফেরায় সাইফ। অধিনায়ক জামাল ভুঁইয়ার শট প্রতিপক্ষ রক্ষণে প্রতিহত হওয়ার পর ফিরতি সুযোগে লক্ষ্যভেদ করেন ইয়াসিন আরাফাত।
এরপর থেকে ৮০ মিনিট পর্যন্ত দুই দলের আক্রমণ সফলতার মুখ দেখেনি। ফলে খেলা গড়াচ্ছিল ড্রয়ের দিকে। তখনই পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং। প্রতি আক্রমণে ওঠা সাইফের লম্বা বল শেখ জামাল ডিফেন্ডার ওসাগি মানডের হাতে লাগে। পেনাল্টি থেকে গোল করেন সাইফ ফরোয়ার্ড জাহাঙ্গীর এরগাশেভ। শেখ জামালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সাইফ ফরোয়ার্ড মুরোলিমজন আখমেদভ। ‘সি’ গ্রুপ থেকে রহমতগঞ্জকে সঙ্গে নিয়ে শেষ আট নিশ্চিত হয় সাইফের। কোয়ার্টারে আবাহনীর বিপক্ষে খেলবে রহমতগঞ্জ।
