রংপুরে শীতে দু’সপ্তাহে শিশুসহ ২৫ জনের মৃত্যু অগ্নিদগ্ধ ২৬

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৮

রংপুরে তীব্র শৈত্য প্রবাহের কারণে নিউমোনিয়া, ডাইরিয়া আর রোটা ভাইরাসসহ বিভিন্ন রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ১২ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুসহ ২৫ জন মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় শীতজনিত রোগে ও আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছে ৩ জন। গতকাল শুক্রবার সকালে শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে মারা গেছে রংপুর পীরগাছার কান্দি এলাকার দিনমজুর নজরুল ইসলামের ৩বছরের ছেলে আরমান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডাঃ আব্দুল হামিদ জানান, গত কয়েক দিনে আগুনে দগ্ধ ৪ জন রোগী মারা গেছেন। বর্তমানে ২৬ দগ্ধ রোগী চিকিত্সা নিচ্ছেন তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় রেফার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তরাঞ্চলের একমাত্র চিকিত্সা কেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই গড়ে শতাধিক শিশু আক্রান্ত হয়ে হাসপাতালের বহির্বিভাগে চিকিত্সা নিচ্ছেন। মুমূর্ষু অবস্থায় অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা, শাহাদত হোসেন গত ১২ দিনে শিশুসহ দগ্ধ রোগীদের মারা যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, রংপুরসহ উত্তরাঞ্চলে প্রচন্ড শীতে নিউমোনিয়া রোটা ভাইরাসসহ বিভিন্ন রোগ বালাই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, এক হাজার বেডের এ হাসপাতালে সব সময় দুই হাজারেরও বেশি রোগী থাকে ফলে তাদের করার কিছু নেই। তিনি শিশুদের দিনের বেলা বাসা থেকে বের না করতে এবং গরম কাপড় ছাড়া কোন অবস্থাতেই ঘরের বাইরে বের না করার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান জানান, শুক্রবার সকালে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রী। তবে শৈত্য প্রবাহ কমতে পারে।