শিবগঞ্জে ককটেল হামলায় যুবক নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:২৯

শিবগঞ্জে প্রতিপক্ষের ককটেল হামলায় এক যুবক নিহত হয়েছে। নিহত গোলাপ হোসেন (২২) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বহরম গ্রামের ফড়িংয়ের ছেলে। বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।  

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রাণীহাট্টি ইউনিয়নের সপ্তম শ্রেণিতে পড়ুয়া  এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার জের ধরে কে বা কারা গত বৃহস্পতিবার রাতে উপজেলার বহরম হঠাত্পাড়া এলাকার গোলাপকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চিকিত্সাধীন অবস্থায় গোলাপ হোসেন মারা যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি।