বরিশালে ছয় দিনব্যাপী ত্রিদেশীয় নাটোত্সবের উদ্বোধন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩

বরিশালে ছয় দিনব্যাপী ত্রিদেশীয় নাটোত্সবের বৃহস্পতিবার রাত ৮টায় উদ্বোধন করা হয়েছে। ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের উদ্যোগে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বরিশাল সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রংপুরের নাট্যকর্মী আব্দুর রাজ্জাক ও সিলেটের রজত কান্তি গুপ্তকে গিয়াস-মিলন নাট্যপদক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিক প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করার উদ্যোগ সফল হতেই হবে। কারণে যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশ ব্যর্থ হতে পারে না। বিসিসি মেয়র বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি নাট্যজন সৈয়দ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিত।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিন বৃহস্পতিবার রাতে শব্দাবলী স্টুডিও থিয়েটার হলে শব্দাবলী প্রযোজিত নাটক বৈশাখিনী মঞ্চস্থ করা হয়। গতকাল শুক্রবার বিকালে ঢাকার পালাকার প্রযোজিত নাটক উজানে মৃত্যু মঞ্চস্থ হয়। আজ শনিবার বিকালে পশ্চিমবঙ্গের নটমন থিয়েটারের প্রযোজনায় ম্যাককোমন, রবিবার পশ্চিমবঙ্গের বালার্ক নটমন থিয়েটারের প্রযোজনায় তোতার কাহিনী এবং সোমবার নেপালের নাট্যদল আদিতায়াদি প্রযোজিত নাটক ডিউকাশি মঞ্চস্থ করা হবে। ৩১ ডিসেম্বর শব্দাবলী স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নাট্যকর্মীদের আনন্দ বৈঠকের মধ্য দিয়ে পর্দা নামবে ছয় দিনব্যাপী এই নাট্যোত্সবের।