রাজধানীতে বড়ো নাশকতার পরিকল্পনা ছিল ছয় হুজির

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় কাশিমপুর কারাগারে বন্দি হুজির নেতা মো. উজ্জ্বল রতনের নির্দেশে রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একত্রিত হয়েছিল হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি-বি) ছয় সদস্য। তারা সবাই হুজির ডাকাত দলের সদস্য। সংগঠনকে শক্তিশালী করা ও কারাগারে বন্দি সদস্যদের জামিনের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তারা নানা পরিকল্পনা করছিল। তাদের পরিকল্পনার মধ্যে অন্যতম ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় ধ্বংসাত্মক কার্যকলাপ ও বড়ো ধরনের নাশকতা চালানো। তবে তার আগেই বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

 গ্রেফতারকৃতরা হলেন— হুজির ডাকাত দলনেতা মো. বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), মো. রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫), আব্দুর রহমান (৩০) ও আকতার হোসেন (৩৪)। গতকাল শুক্রবার রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির  প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এরই মধ্যে তারা দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ডাকাতির ঘটনায় জড়িত ছিল। এই গ্রুপের ১২ জন সদস্য গত ৪ মার্চ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের পর নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করেছিল। এই গ্রুপের বর্তমান দলনেতা বিল্লাল হোসেন বলেও জানান তিনি।

সিটিটিসি প্রধান বলেন, ২০১৬ সালে রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার যে সক্ষমতা জঙ্গিদের ছিল, এরপর আমরা দেশব্যাপী অভিযান পরিচালনা করে অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করে দিয়েছি। গ্রেফতার করা হয়েছে অনেককে। এখন আর জঙ্গিদের এ রকম হামলা করার সক্ষমতা নেই।