চট্টগ্রামে প্রকৌশলীসহ সড়ক দুর্ঘটনায় আট জন নিহত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২২:৩৪

চট্টগ্রামে প্রকৌশলীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এর মধ্যে ঢাকার সাভারে পৃথক দুর্ঘটনায় ৩ জন, কিশোরগঞ্জে বাস খাদে পড়ে ২ জন, চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় তরুণ প্রকৌশলী, নোয়াখালীর সেনবাগে সিএনজি- ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ ও পাবনার ঈশ্বরদীতে ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়। ইত্তেফাক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সাভার (ঢাকা) :সাভারে ছাগল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে দুই শতাধিক ছাগলসহ  ব্যাপারী এবং ট্রাকের হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদর থানা এলাকার তেঁতুলিয়া গ্রামের ছাগলের ব্যাপারী জাকারিয়া হোসেন এবং জয়পুরহাট জেলার সোনাপাড়া থানা এলাকার ওয়ারেস আলীর পুত্র ট্রাকের হেলপার হাসান মিয়া। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় বাস চাপায় জাকিয়া সুলতানা বিলকিস নামে মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ঐ নারীর বাড়ি খুলনায় বলে জানা গেছে।

কিশোরগঞ্জ :সদর উপজেলার কামালিয়ারচর এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কামলিয়ারচর এলাকায় এ দুর্ঘটনায় আহত হন আরো অন্তত ৩৫ জন যাত্রী। নিহতরা হলেন—সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স জিনাত খান।

চট্টগ্রাম :মহানগরীর টাইগারপাস রেলওয়ে কলোনিতে কাভার্ডভ্যানের চাপায় এমদাদুল হাসান শোভন নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১২টার দিকে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হাসান শোভন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকার মো. আবুল হোসেনের পুত্র। তিনি চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী দ্বিতীয় প্রকল্পের একটি প্রতিষ্ঠানে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।

সেনবাগ (নোয়াখালী) : উপজেলার কল্যান্দী-চন্দেরহাট প্রধান সড়কের মিয়ারহাট বাজারের সন্নিকটে সিএনজি অটোরিকশা-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আইরিন সুলতানা নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এক সন্তানের জননী আইরিন উপজেলার বীজবাগ গ্রামের ব্যবসায়ী মো. আবদুল্লাহর স্ত্রী। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনার পর আইরিন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরো চার জন আহত হয়।

ঈশ্বরদী (পাবনা) : ঈশ্বরদীতে মাছ বোঝাই ট্রাকের চাপায় হামিদা বেগম (৭৩) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাশুড়িয়া—পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। নিহত হামিদা উপজেলার কামালপুর মৃধাপাড়া গ্রামের মৃত রমজান আলীর স্ত্রী।