গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য :প্রধান বিচারপতি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:২০

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিচার বিভাগের ভূমিকা অনস্বীকার্য। আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক-সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। রাষ্ট্রের তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, গণতন্ত্র এবং আইনের শাসনকে সুসংহত ও বিকশিত করার ক্ষেত্রে অপরিহার্য। তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং সামগ্রিক উন্নয়নের ধারাকে তরান্বিত করতে রাষ্ট্রের তিন অঙ্গের সমন্বিত প্রয়াসের কোনো বিকল্প নাই। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৪তম বার্ষিক সম্মেলনে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

তিনি বলেন, আইন সমিতির সদস্যরা জনগণের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দরিদ্র, অসহায়, সহায়-সম্বলহীন বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানে ভূমিকা রাখছে। আইনগত সহায়তাকে আরো বেগবান করার জন্য আইন সমিতি হটলাইন সার্ভিস চালু করলে অসহায় বিচারপ্রার্থীরা বিশেষভাবে উপকৃত হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ বিশেষ মর্যাদা বহন করার কারণ, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিভাগেরই শিক্ষার্থী ছিলেন। আইন পেশা এমন একটি পেশা যাতে সবসময়ই ছাত্র থাকতে হয় ও পড়াশোনা করতে হয়। তবেই একজন ভালো আইনজীবী হওয়া যায়।

আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আফজাল-উল-মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সঞ্চালনা করেন আইন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান আল-মামুন। অনুষ্ঠান উদ্বোধন করেন আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দীন।