কুমিল্লায় নির্মাণাধীন ছাদ ধসে শ্রমিক নিহত আহত ২০

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:২৩

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় দীপিকা ও দীপালি সিনেমা হল ভেঙে সেখানে নির্মাণাধীন রূপায়ণ-দেলোয়ার টাওয়ারের ছাদ ধসে পড়ে রেজা নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন শ্রমিক। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপায়ণ-দেলোয়ার টাওয়ারের তৃতীয় তলার ছাদ ঢালাইকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। এ সময় ভবনটিতে অর্ধশতাধিক শ্রমিক কাজ করছিলেন বলে আহত শ্রমিকরা জানান। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে এবং ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

জানা গেছে, কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকার থেকে বন্দোবস্ত নেওয়া দীপিকা-দীপালি সিনেমা হল ভেঙে সম্প্রতি সেখানে রূপায়ণ-দেলোয়ার টাওয়ার নামে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু হয়। শুক্রবার ঐ ভবনটির তৃতীয় তলার ছাদের ঢালাই কাজ চলছিল। সন্ধ্যার দিকে ঢালাই করা ঐ ছাদের একাংশ ধসে পড়লে ছাদের ওপরে ও নিচে থাকা কমপক্ষে ২০ শ্রমিক আহত হন। এদের মধ্যে রেজা (১৯) নামের এক শ্রমিককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার পীরেরহাট গ্রামে বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, ‘প্রায় ৪০ শ্রমিক সেখানে ঢালাইয়ের কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ছাদের সেন্টারিংয়ের সমস্যার কারণে ছাদের একাংশ ভেঙে পড়েছে।’ কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণ নাথ জানান, ‘নির্মাণ ত্রুটির কারণে ছাদ ভেঙে পড়েছে, ঘটনাস্থলে চাপা পড়ে থাকা অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’