পৌরসভার পশ্চিম মঈনপুর এলাকার অর্ধ কিলোমিটার সড়ক ভেঙে জনদুর্ভোগ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মঈনপুর এলাকার অর্ধ কিলোমিটার সড়ক ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইটের তৈরি সড়কটির বিভিন্ন স্থান ভেঙে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নেত্রকোনা পৌর এলাকার পশ্চিম মঈনপুর এলাকাটি ধলাই নদীর কারণে শহর থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এলাকায় যেতে পাকা কোনো সেতু নেই। বাঁশের তৈরি সেতু দিয়ে পারাপার হতে হয়। স্থানীয় বাসিন্দা মহসিন ও কবির হোসেন চান মিয়া বলেন, সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তারা। এ ব্যাপারে কথা বলতে ওয়ার্ড কমিশনার শফিকুল ইসলাম খান খোকনের সঙ্গে মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, সড়কটি পাকা করার জন্য এরই মধ্যে প্রাক্কলন তৈরি করা হয়েছে। অচিরেই সড়ক নির্মাণের কাজে হাত দেওয়া হবে। এদিকে এলাকার ভুক্তভোগী জনগণ অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।