ভ্রাম্যমাণ প্রতিনিধি
অসময়ে বৃষ্টির পর কনকনে শীত নেমেছে পশ্চিমের জেলাগুলোতে। শনিবার সকালে সূর্যের দেখা মিলেছে যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায়। তবে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের কারণে বৃহস্পতিবার বৃষ্টি হয়। এতে শীতের তীব্রতা বাড়ে। তিনি জানান, পশ্চিম দিক থেকে আসা হিম শীতল ঠান্ডা হাওয়া বইছে। ৫ থেকে ১০ কিলোমিটার বেগে এ হাওয়া বইছে। এ অবস্থা আরো কয়েক দিন চলবে বলে তিনি জানান। শীতের কারণে পশ্চিমের জেলাগুলোতে মানুষের ভীষণ ভোগান্তি হচ্ছে। আর তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে পড়ছে।
