হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
সামান্য বৃষ্টি হলেই হোমনার সবচেয়ে বড়ো ও গুরুত্বপূর্ণ হোমনা বাজারের প্রধান সড়কসহ ভেতরের রাস্তাগুলোতে কাদা ও ময়লা পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। আর এতে প্রতিনিয়ত বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও বাজার পার হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। উপজেলার কফিলউদ্দিন গার্লস স্কুলের শিক্ষার্থী সাদিয়া, রুমি, শিমুসহ অনেকেই জানান, বৃষ্টি হলে বাজারের ভেতর দিয়ে স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ই কাদা ও ময়লা পানিতে তাদের জামাকাপড় নষ্ট হয়ে যায়।
বাজারের ব্যবসায়ী দিলীপ কুমার দেব বলেন, বাজারের কাদা যদি নিয়মিত সরিয়ে নেওয়া হয় তাহলে মানুষের এমন দুর্ভোগ হতো না। বাজার কমিটির সভাপতি মো.দেলোয়ার হোসেন সুবল বলেন, বাজারের রাস্তার যে সমস্যা রয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে।
পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বলেন, বাজারের ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করার জন্য লোক নিয়োগ দেওয়া আছে। তারা পরিষ্কারও করছে। তারপরও যদি কোনো সমস্যা থাকে সেগুলোরও সমাধান করা হবে।
