চাঁদের হাটের একক সংগীতানুষ্ঠান
যশোর অফিস যশোরের মেয়ে দোলার সংগীত জীবনের প্রথম সংগঠন চাঁদের হাট। সেই চাঁদের হাটের আয়োজনে তিনি অংশ নিলেন একক সংগীতানুষ্ঠানে। শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। শিল্পীর প্রতি মঙ্গলকামনা ও দর্শকশ্রোতার আশীর্বাদ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন তার শিক্ষাগুরু শিল্পী অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যায়, বাবা বিশ্বনাথ সুর, মা শ্রাবণী সুর ও প্রিয়জন সুমন সাহা।
মদন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা মদন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার প্রেসক্লাব কার্যালয়ে সম্পন্ন হয়। নির্বাচনে মদন উপজেলার ইত্তেফাক সংবাদদাতা আল মাহবোব আলম আল আমিন সভাপতি ও মদন উপজেলা যুগান্তর প্রতিনিধি তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান। নির্বাচন পরিচালনা করেন ইউসুফ আলী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, মদন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান, আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ প্রমুখ।
শৈলকুপায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় শনিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থক দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। উপজেলার মনোহরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনদাহ গ্রামের মেম্বার শরিফুল ইসলাম জানান, তাদের গ্রামে দুটি সামাজিক দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন মতলেব হোসেন। তার প্রতিপক্ষ দলের নেতৃত্ব দেন জালাল উদ্দিন। গত উপজেলা নির্বাচনে মতলেব হোসেনের দল নৌকার প্রার্থীকে এবং জালাল উদ্দিনের দল আনারস প্রতীকের প্রার্থীকে সমর্থন দেয়। আনারস প্রতীকের প্রার্থী জয়ী হয়। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে শত্রুতা চলে আসছে। এরই জেরে সংঘর্ষ হয়। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গ্রামে পুলিশ মোতায়েন আছে।
আক্কেলপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা ৩৬ পিস ইয়াবাসহ মিলন চৌধুরী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আক্কেলপুর থানা পুলিশ। শনিবার দুপুরে সদরের উত্তরপাড়ার মিলন মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে মাদক বিক্রিকালে তাকে গ্রেফতার করা হয়। মিলন পৌরসভার চৌধুরী পাড়ার খলিলুর রহমানের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, তার বিরুদ্ধে মাদক বিক্রি আইনে মামলা হয়েছে।
লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা সদর উপজেলায় লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় অভিযান শনিবার শুরু হয়েছে। নেত্রকোনা সদরের খাদ্য গুদামে মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ক্রয় অভিযান উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইমরুল কায়েস এবং জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি।
লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদ্যাপন
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটের আড়ানগর ইউনিয়নের লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন শনিবার অনুষ্ঠিত হয়েছে। শতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় প্রমুখ।
বিজ্ঞান মেলা ও কুইজের পুরস্কার বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিজ্ঞান মেলা ও বিজ্ঞান কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন পুরস্কার বিতরণ করেন। এ সময় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অর রশিদসহ বিভিন্ন কলেজ, বিদ্যালয়ের প্রধান ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কামারখন্দে বিনামূল্যে চিকিত্সাসেবা
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে হাবিবুর রহমান মুকুল চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিনামূল্যে চিকিত্সাসেবা দেওয়া হয়েছে। উপজেলার চরটেংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১ হাজার রোগীকে চিকিত্সাসেবা দেওয়া হয়। বিনামূল্যে চিকিত্সাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবীনগর সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উত্সব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উত্সব শনিবার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল এমপি। সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি প্রফেসর মো. ইদ্রিসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলমগীর। বক্তব্য রাখেন অধ্যাপক রনধীর দত্ত, অধ্যাপক নজির আহমদ প্রমুখ।
কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুরের কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭৫ এর (এসএসসি পরীক্ষার্থী) ব্যাচের পুনর্মিলনী শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ক্যাম্পে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রউফ মুন্সীর সভাপতিত্বে ও ৭৫ ব্যাচের ছাত্র সরদার কামাল হোসেনের সঞ্চালনে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ৬৮ ব্যাচের ছাত্র চৌধুরী আবুল কাইয়ুম হিরু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জান তিতাশ, প্রধান শিক্ষক আবু জাফর খান, অনুষ্ঠানের উদ্যোক্তা ও ৭৫ এর ছাত্র চৌধুরী আব্দুস কুদ্দুস বক্কার চৌধুরী প্রমুখ।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আ স ম আফজল আলী সভাপতি ও মঈনুল হাসান রতন সাধারণ সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে মো. নওরোজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে মিজানুর রহমান সুমন, অর্থ সম্পাদক পদে কামরুল হাসান, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে মহিবুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে রামেন্দ্র কিশোর মিত্র, প্রচার সম্পাদক পদে এম শামীম চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পদে হুমায়ূন কবীর সৈকত, সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর ও ফজলুল হক চৌধুরী সেলিম। এর আগে প্রেসক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
