গণতন্ত্রে সরকারি দল একা শক্তিশালী হলে হবে না :কাদের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রে সরকারি দল একা শক্তিশালী হলে হবে না। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে শক্তিশালী বিরোধী দল প্রয়োজন। গতকাল শনিবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইইবি প্রাঙ্গণে জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এরশাদ বাংলাদেশে পল্লীবন্ধু নামে খ্যাত। তিনি আমাকে ব্যক্তিগতভাবে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন, ভালোবাসতেন। তিনি একজন বিনয়ী রাজনীতিক ছিলেন। জাপা এবং এরশাদ একই বৃন্তে দুটি ফুলের মতো। এরশাদ বেঁচে থাকলে আজ পরিবেশ আরো ভিন্নমাত্রা পেতো। আজ জাপার সম্মেলনে তার স্মৃতি বারবার মনে পড়ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জাপা বিরোধী দলে আসার পর সংসদের কার্যক্রমে নতুন মাত্রা এসেছে। তারা সংসদের ভেতরে ও বাইরে কখনো ভায়োলেন্সের রাজনীতি করেনি। সংসদে জাপা দায়িত্বশীল, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করেছে।