আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, যুবসমাজকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূলের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে সন্ত্রাস ও জঙ্গি নির্মূল করা হবে। একই সঙ্গে দেশে শিল্প সংস্কৃতির বিপ্লব ঘটাতে হবে। শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি তার নির্বাচনী এলাকা কাজিপুরের সীমান্ত বাজার ও পিপুলবাড়িয়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে সিটি নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বিএনপিসহ সকল দলের নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আওয়ামী লীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবে আওয়ামী লীগ। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলে কোনো দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবে তা এ দেশের জনগণ মেনে নেবে না।
শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদ উদ্দিন পবলু, হেলাল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জেলা কালচারাল অফিসার মাহমুদুল আলম লালন বক্তব্য রাখেন। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত তিন বছরের জন্য কণ্ঠ সংগীত, লোক সংস্কৃতি, নাটক, আবৃত্তি ও চারুকলায় বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার দেওয়া হয় সিরাজগঞ্জের ১৫ জন গুণী ব্যক্তিকে। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নুর নবী খান জুয়েল।
