সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৯০

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। গতকাল সকালে শহরের দক্ষিণ-পশ্চিমে কয়েকটি রাস্তার সংযোগস্থলে একটি চেকপয়েন্টে বোমাটি বিস্ফোরিত হয়। আহতের সংখ্যা ৫০-এর বেশি। নিহতদের মধ্যে অনেক পুলিশ, শিক্ষার্থী ও দুই তুর্কি রয়েছে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। খবর বিবিসি ও রয়টার্সের

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এদের মধ্যে ১৭ পুলিশও আছে। মদিনা হাসপাতালের পরিচালক ডা. মোহামেদ ইউসুফ বার্তা সংস্থা এপিকে বলেছেন, তিনি এ পর্যন্ত ৭৩টি মৃতদেহ পেয়েছেন। হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে আল-শাবাব রাজধানীতে প্রায়ই এ ধরনের আক্রমণ চালিয়ে থাকে। যেখানে বিস্ফোরণটি ঘটে তার কাছেই ছিলেন জাকারিয়া আবদুকাদির। তিনি বলেন, আমি দেখেছি চারদিকে বহু মৃতদেহ ছড়িয়েছিটিয়ে পড়ে আছে। অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। মোহামেদ আবদিরিজাক নামে একজন সোমালি এমপি বলেছেন, ঐ আক্রমণে নিহতের সংখ্যা ৯০-এরও বেশি, কিন্তু তার দেওয়া এ সংখ্যা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। মোগাদিসুতে এখন যে সরকার রয়েছে তা জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন কর্তৃক স্বীকৃত। তবে গত ১০ বছর ধরেই আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব সরকারকে উত্খাত করতে সশস্ত্র বিদ্রোহী তত্পরতা চালিয়ে আসছে। তাদেরকে ২০১১ সালে রাজধানী মোগাদিসু থেকে উত্খাত করা হয়, তবে এখনো সোমালিয়ার বিস্তীর্ণ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আল-শাবাব এ পর্যন্ত সবচেয়ে বড়ো আক্রমণটি চালিয়েছিল ২০১৭ সালের অক্টোবর মাসে। মোগাদিসুতে একটি বিস্ফোরক-ভর্তি ট্রাক দিয়ে চালানো আক্রমণে প্রায় ৬০০ লোক নিহত হয়েছিল।