১৬ ম্যাচে মাত্র এক গোল করা রবার্তো ফিরমিনোকে নিয়ে দুশ্চিন্তা করলেও কখনোই আস্থা হারাননি কোচ ইউর্গেন ক্লপ। সদ্যসমাপ্ত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালসহ বক্সিং ডে-তে প্রিমিয়ার লিগে লিস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে ফিরমিনো করেছেন দুই গোল। ক্লপ বলেন,‘সাংবাদিকরা প্রায় আমাকে একটি প্রশ্ন্ন করে ফিরমিনো গোল না পাবার পরেও কেন তাকে দলে রাখা হয়। কিন্তু আমি তাকে শুধু গোল দিয়ে বিবেচনা করি না। আমি মনে করি দলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। বিষয়টা নিয়ে আমিও তার সঙ্গে কথা বলেছি। বেশ কয়েকটি ম্যাচে গোল না পাবার পর সে নিজেও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। যদিও আমি বলে দিয়েছি গোলের সংখ্যা আমার কাছে কোনো বিষয় নয়। সে আমার দলের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একমাত্র খেলোয়াড় হিসেবে সে নিজের পজিশন ঠিক রেখে পুরো ৯০ মিনিট মাঠে থাকে। আর তার পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। গোলের পর সে অতিরিক্ত কোনো কিছুই করে না। নিজেকে শান্ত রেখে ম্যাচ শেষ করে।’
