অস্থির রংপুর শিবির

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫

মাঠের লড়াইয়ে সুখবর নেই। ৬ ম্যাচের ৫টিতেই হেরে গেছে রংপুর রেঞ্জার্স। ২২ গজে দলীয় ছন্দ, কম্বিনেশন খুঁজতে খুঁজতে হয়রান দলটি। শেন ওয়াটসনকে উড়িয়ে এনেও হারের বৃত্তে রংপুর। মাঠের বাইরের ইস্যুতেও টালমাটাল দলটি। সবমিলিয়ে বঙ্গবন্ধু বিপিএলে অস্থিরতায় ভরপুর রংপুর শিবির।

টুর্নামেন্টের শুরু থেকেই রংপুরের অন্দরমহলে অস্বস্তির হাওয়া বয়ে গিয়েছিল। সবচেয়ে পরে পৃষ্ঠপোষক পেয়েছিল রংপুর। পৃষ্ঠপোষক পাওয়ার পরই দলের টিম ডিরেক্টর পরিবর্তন হয়ে যায় হুট করেই। আকরাম খান থাকা অবস্থায় দলের টিম ডিরেক্টর পদে যোগ হয় এনায়েত হোসেন সিরাজের নাম।

নতুন করে দলের ক্রিকেটার অন্তর্ভুক্ত করা নিয়েও বিতর্কের অবতারণা হয়েছে। বিপিএলে দলটির প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছিলেন জাকির হাসান। এই তরুণকে তখন বাদ দিয়ে আল-আমিন জুনিয়রকে দলে টেনেছিল রংপুর। পরে মুকিদুল ইসলাম মুগ্ধ, সাদমান ইসলাম অনিককে নিয়ে স্থানীয় সর্বোচ্চ ১২ ক্রিকেটারের কোটা পূরণ করে দলটি। এক সপ্তাহ পরই সুস্থ হয়ে উঠেন জাকির। স্কোয়াডের বাইরে পাঠিয়ে দেওয়া সেই জাকিরকেই গত শুক্রবার খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলাতে চেয়েছিল রংপুর।

জাকিরকে রেখেই একাদশ সাজিয়েছিল দলটি। এমনকি প্রেসবক্সে পাঠানো টিম লিস্টে নাম ছিল এই তরুণের। শেষ পর্যন্ত রংপুরের আশা পূরণ হয়নি। খুলনা অভিযোগ করে বিপিএলের টেকনিক্যাল কমিটির কাছে। অভিযোগ আমলে নিয়ে জাকিরকে খেলাতে দেয়নি টেকনিক্যাল কমিটি। পরে সাদমানকে নামায় রংপুর। দলের হ য ব হ র ল অবস্থা, অস্থির সিদ্ধান্তের বলি হয়ে বিপিএল শেষ হয়ে গেল জাকিরের। বঙ্গবন্ধু বিপিএলে আর খেলা হচ্ছে না এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। তার সুস্থ হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা না করে রংপুর দলে টেনেছিল আল-আমিন জুনিয়রকে।

খুলনার অভিযোগের পর আল-আমিনকে বাদ দেওয়া হয়েছে ইনজুরির কারণে এমনটা বলেছিল রংপুর। কিন্তু স্কোয়াডের বাইরে চলে যাওয়া জাকিরকে খেলানোর অনুমতি আর মিলেনি তাদের। গতকাল বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান জানিয়েছেন, ‘যে প্লেয়ার রিপ্লেসড হয়ে যাবে, সে আর ফিরতে পারবে না।’

রংপুরের ম্যানেজার খন্দকার সাইদুল ইসলামও গতকাল জানিয়েছেন, জাকিরই শেষ পর্যন্ত দলের বাইরে থাকছে। গতকাল তিনি বলেছেন, ‘জাকির তো ইনজুরিতে ছিল। এর মাঝে বদলি ক্রিকেটার নেওয়া হয়েছে। জাকিরই স্কোয়াডের বাইরে থাকছে।’

দল হারের মাঝে থাকায় কম্বিনেশনও খুঁজে পাচ্ছে না রংপুর শিবির। পরিকল্পনা পরিবর্তন হচ্ছে বারবার। দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসও নেমে গেছে তলানীতে। শেষ তিন ম্যাচে তিন জন নেতৃত্ব দিয়েছেন রংপুরকে। নবি, টম আবেলের পর গত ম্যাচে ওয়াটসন অধিনায়কত্ব করেছেন।

একাদশেও থাকছে অনেক পরিবর্তন। এ সম্পর্কে গতকাল রংপুরের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘যখন দল হারতে থাকে তখন দল পরিবর্তনের চিন্তা ভাবনা এসে পড়ে। যেহেতু সীমিত ওভারের খেলা তাই বিশ্বাস রাখতে একটু কষ্ট হয়। যদিও উইনিং কম্বিনেশন হতো তাহলে দেখতেন এক দলই খেলছে। এখন এটা হয়ে গেছে।’

তারপরও বিপিএলে ঘুরে দাঁড়ানোর আশা করছেন রংপুরের এই কোচ। মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘ওয়াটসন মাত্র এলো। আমি মনে করি যে, আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। ইনশাল্লাহ সামনে থেকে নতুন দল দেখা যাবে আশা করি। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে দলের ওপরে।’

উল্লেখ্য, আগামীকাল দিনের প্রথম ম্যাচে সিলেটের বিরুদ্ধে খেলবে রংপুর।