দুই সিটি করপোরেশন নির্বাচন
ইত্তেফাক রিপোর্ট
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রচার-প্রচারণায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব নিয়মকানুন প্রার্থীদের মেনে চলার ব্যাপারে কাজ করবে স্থানীয় সরকার বিভাগ। প্রার্থীরা যাতে বিলবোর্ড-ব্যানার না সাঁটিয়ে প্রচারণা চালায় সে ব্যাপারে স্থানীয় সরকার বিভাগ নজর রাখবে। গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, জন্মলগ্ন থেকে এই শহরের অপরিকল্পিতভাবে উন্নয়ন হয়েছে। এ কারণেই নগরে কাটাকাটি ও খোঁড়াখুঁড়ি করা হয়। যেগুলো পরিবেশ দূষণের অন্যতম কারণ। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে যেসব নির্দেশনা দেওয়া হবে, সেগুলো যথাযথভাবে মানা হবে। ব্যানার পোস্টার অপসারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা মাঠে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, সব নিয়মকানুন মেনে আমি নিজেও প্রচারণা চালাব। এছাড়া কেউ যদি নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে ব্যানার-ফেস্টুন করে তাহলেও ডিএনসিসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, স্মার্ট সিটি এখন সময়ের দাবি। সেটি বাস্তবায়নে কাজ চলছে। ঘরে বসে অনলাইনে ট্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জবাবদিহিদার মধ্যে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর সিটিতে কোনো অনিয়মের স্থান হবে না। আগামী তিন মাসের মধ্যে নগরীতে এলইডি বাতি বসানো হবে। এবারও মনোনয়ন পেয়ে যদি নির্বাচিত হতে পারেন, গত ৯ মাসের অভিজ্ঞতার আলোকে নগরের উন্নয়নে কাজ করবেন বলে জানান আতিকুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এস এম ফয়েজ প্রমুখ।
