খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৭

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল বিকালে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগরের কাছে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিলে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মত্স্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন, মত্স্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ছাত্রদল নেতা রাজু, রহিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিল শেষে এক পথসভায় রুহুল কবির রিজভী বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কারামুক্তি না দেওয়ার উদ্দেশ্যই হলো তাকে শারীরিক অসুস্থতায় রেখে জীর্ণ করতে করতে প্রাণ বিপন্ন করা। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন, আদালত, বিচার সবকিছু হাতের মুঠোয় নিয়েছেন। জনগণের দাবি উপেক্ষা করে গুরুতর অসুস্থ বেগম জিয়াকে তার পছন্দ মতো কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিত্সার সুযোগ দিতেও বাধা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও বেগম জিয়ার প্রতি সরকারের নিষ্ঠুর আচরণে আজ দেশবাসী চরম ক্ষুব্ধ।’ তিনি বলেন, দখলদার সরকার নিজের ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে দিতেও কুণ্ঠিত হচ্ছেন না। বর্তমানে দেশের স্বাধীনতা যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি হুমকির মুখে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।