মিরাজের ব্যাটে খুলনার সহজ জয়

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০০:১৯

বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে এখনো উইকেটশূন্য অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের নিষ্প্রভতা ভুলিয়ে দিতে ব্যাটিংয়ে মনোযোগী হয়েছেন মিরাজ। এবং সেই প্রচেষ্টায় সফল হয়েছেন এই তরুণ। মিরপুর স্টেডিয়ামে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে তার হাফ সেঞ্চুরিতেই সিলেট থান্ডারকে ৮ উইকেটে পরাজিত করেছে খুলনা। সপ্তম ম্যাচে খুলনার এটি পঞ্চম জয়। সমান সংখ্যক ম্যাচে সিলেটের এটি ষষ্ঠ হার।

রান তাড়া করতে নেমে ১৭ দশমিক ৫ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলে জয় নিশ্চিত করে খুলনা। মিরাজ-নাজমুল শান্তর ওপেনিং জুটিই খুলনার মিশনটা সহজ করে দেয়। ১১৫ রানের জুটি গড়েন তারা। শান্ত ৪১ রান করেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা মিরাজ ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ৬২ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮৭ রান করেন মিরাজ। রাইলি রুশো ১৫, মুশফিক অপরাজিত ৩ রান করেন।

এর আগে ৪ উইকেটে ১৫৭ রান তুলতে সমর্থ হয় সিলেট। ফ্লেচার ৩৭, রুবেল মিয়া ৩৯, চার্লস ১৭, রাদারফোর্ড অপরাজিত ২৬, অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত অপরাজিত ২৩ রান করেন। খুলনার বোলারদের মধ্যে ফ্রাইলিঙ্ক ও শহীদুল ২টি করে উইকেট নেন।