স্মার্টফোনের জনপ্রিয়তা বর্তমানে তুঙ্গে। আর এ সুযোগে বাজারে ছড়িয়ে পড়েছে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনের আদলে তৈরি ক্লোন স্মার্টফোন। না বুঝে অনেকেই এসব ক্লোন স্মার্টফোন কিনে অহরহ প্রতারিত হচ্ছেন। তবে চাইলে কেনার আগেই স্মার্টফোন এমনকি ফিচার ফোনের আইএমইআই নম্বর ব্যবহার করে ফোনটি আসল কিনা তা যাচাই করে নেওয়া সম্ভব। আইএমইআই’র পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি। প্রতিটি ফোনের একটি স্বতন্ত্র আইএমইআই কোড আছে যাতে ফোনের ব্র্যান্ড, মডেল নাম্বার, অবমুক্তির তারিখ ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। আপনার মোবাইলের ডায়াল বক্সে গিয়ে *#০৬# লিখুন। এ ছাড়া মোবাইলের ব্যাক কভার খুলে ব্যাটারির নিচে আইএমইআই কোডটি দেখে নিন। এ সময়ে আরেকটি ছোট্ট পরীক্ষা করতে পারেন। মোবাইলের ডায়াল বক্সে *#০৬# লিখে যে কোডটি পেলেন তার সাথে ব্যাটারির নিচে দেয়া কোডটি মিলিয়ে নিন। অনেক ক্লোন ফোনে সংখ্যা দুটি আলাদা হতে পারে। তবে যদি মিলে যায়, তাহলে পরের ধাপে আসুন। প্রথমেই www.imei.info ওয়েবসাইটটিতে ঢুকে Enter IMEI e.g. ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৭ লেখা বক্সটিতে মোবাইল ফোনের আইএমইআই কোডটি লিখে পাশের CHECK বাটনটি প্রেস করলে ফোনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
