মাগুরায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে জারভেরা ফুলের চাষ। গাছে গাছে জারভেরা ফুল ফুটেছে। থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে ফুলচাষিরা জারভেরা ফুল ঢাকায় পাঠাচ্ছেন। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে প্রায় দুই একর জমিতে জারভেরা এবং শ্রীপুরে এক একর জমিতে জারভেরা ও গ্লাডিউলাস ফুলের বাগান করা হয়েছে। বেলনগর গ্রামে ফুল চাষের জন্য ১১টি শেড গড়ে উঠেছে। এই ফুল বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় অন্য চাষিরাও ফুল চাষে আগ্রহী হয়ে উঠছেন। ফুলচাষি আরিফুল বলেন, সপ্তাহে দুই দিন ঢাকায় ফুল পাঠানো হয়। দামও ভালো। প্রতিটি জারভেরা পাইকারীভাবে ৯ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, বাণিজ্যিকভাবে জারভেরা ও গ্লাডিউলাস ফুলের চাষ করা হয়েছে। মাগুরায় ফুল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফুল বিক্রি করে চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
