চরফ্যাসন উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ও নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে আজ সোমবার।
আহাম্মদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন, সংরক্ষিত সদস্য পদে আট জন এবং সাধারণ সদস্য পদে ৩৫ জন লড়ছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভোটার বিভাজন নিয়ে দীর্ঘদিন মামলা চলমান থাকায় দুটি ইউনিয়নে নির্বাচন বন্ধ থাকার পরে গত ২১ নভেম্বর তফশিল ঘোষণা করা হয়। আজ দুটি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, নির্বিঘ্ন ভোটগ্রহণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বিজিবি, র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
